জ্বালানি খাতে দুর্নীতির ‘আর্কিটেকচার’ ভেঙে দেওয়া হয়েছে: উপদেষ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জ্বালানি খাতে দুর্নীতির ‘আর্কিটেকচার’ ভেঙে দেওয়া হয়েছে: উপদেষ্টা
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: চরচা

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো বা ‘আর্কিটেকচার’ ভেঙে ভবিষ্যৎ সরকারের জন্য একটি স্বচ্ছ রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এফইআরবি’র সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একইসাথে তিনি ১৮ মাসের কাজের সফলতা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

উপদেষ্টা জানান, ২০১০ সালের ‘কালা কানুন’ আইন বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) ফিরিয়ে দেওয়ায় গত ১৭ মাসে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয়নি।

দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক পরিবর্তন বিষয়ে তিনি জানান, এই খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনিক রদবদল করা হয়েছে। আগে যেসব সচিব নিজেদের অধীনস্থ কোম্পানিগুলোর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন, তা বন্ধ করা হয়েছে। পাশাপাশি পুরোনো দুর্নীতির খোঁজে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জাতীয় কমিটি তদন্ত করছে।

জ্বালানি নিরাপত্তা ও অর্থ সাশ্রয় বিষয় টেনে ফাওজুল কবির খান জানান, জ্বালানি আমদানিতে উন্মুক্ত দরপত্র চালুর ফলে তেল আমদানিতে প্রিমিয়াম কমে গেছে। শুধু গত ছয় মাসেই ১,৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় থাকা বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন স্থবির থাকা ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্পের জন্য ৩ বিলিয়ন ডলারের সম্পূর্ণ অর্থায়ন নিশ্চিত হয়েছে, যা এখন সরকারি পর্যায়ে বাস্তবায়িত হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিয়ে মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ ও সৌরবিদ্যুৎ–নেট মিটারিং পলিসির খসড়া তৈরি হয়েছে। অফশোর ড্রিলিংয়ের দরপত্র সংশোধন করে বিনিয়োগকারীদের অনুকূলে আনা হয়েছে। তবে সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী সরকারের কাজ কি হবে সে সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সময়সাপেক্ষ। তাই নতুন সরকার যাতে স্থিতিশীলভাবে পুরো মেয়াদ কাজ করতে পারে, সেটি দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত