জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগামী ১৮ নভেম্বর কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় ২২টি মন্ত্রণালয়সহ মোট ৫৩টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
গত রবিবার এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (যানবাহন, স্টোর ও সাধারণ সেবা) জাকির মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম-বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এ কর্মশালা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এছাড়া ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, এনআইডির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
কর্মশালায় বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ব্যানবেইস, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিডা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিএমইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেবে।
এ ছাড়া ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ডিএমপি, র্যাব, পিবিআই ও এনটিএমসিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও আরএফইডি মনোনীত সাংবাদিক প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
কর্মশালায় এনআইডি সেবার বর্তমান কার্যক্রম, আন্তঃসংস্থা তথ্য বিনিময়, সমন্বিত পরিচয় ব্যবস্থার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।