নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তমিজ উদ্দিন পেশায় একজন ফোম ব্যবসায়ী। তিনি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় বাস করেন।
আহত ব্যবসায়ীর স্ত্রী লাভলী আক্তার জানান, রাতে চা-পান খাওয়ার উদ্দেশ্যে তার স্বামী বাসার নিচে নামেন। বাসার নিচের দোকানটি সারারাত খোলা থাকে। নিচে নামার পর তিনি ৭-৮ জনের একদল মুখোশধারী দুর্বৃত্তকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
লাভলী আক্তার বলেন, “তাদের সন্দেহজনক চলাফেরা দেখে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে তিনি দ্রুত বাসায় ঢোকার চেষ্টা করলে ডাকাতদল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।”
লাভলী আক্তার আরও জানান, চিৎকার শুনে পরিবারের সদস্যরা নিচে নেমে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের বাসার নিচতলায় একটি এনজিওর কার্যালয় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে ডাকাতির উদ্দেশ্যেই সংঘবদ্ধ চক্রটি জড়ো হয়েছিল এবং দেখে ফেলার কারণেই ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ তমিজ উদ্দিনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট রূপগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।