Advertisement

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় রায় আজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় রায় আজ
অভিযান থেকে বেঁচে ফেরা রোহিঙ্গারা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছে। ফাইল ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার আজ বৃহস্পকিবার রায় ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার রায় দিতে যাচ্ছে আইসিজে।

Advertisement

আজ হেগের স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ রায় পড়া শুরু হবে। রায় ঘোষণা করতে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে রায় কার্যকর করার ক্ষমতা এই আদালতের খুবই সীমিত। মিয়ানমার যদি রায় না মানে, তাহলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে এই মামলা করে। এ ক্ষেত্রে দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পায়।

Advertisement

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়। রাষ্ট্র হিসেবে এর দায় মিয়ানমারের। ওই অভিযানের কারণে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

অভিযান থেকে বেঁচে ফেরা রোহিঙ্গারা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছে। জাতিসংঘের একটি অনুসন্ধানী দলও বলেছে, ওই অভিযানে গণহত্যার মতো অপরাধ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সেনাবাহিনী বৈধভাবেই অভিযান চালিয়েছিল।

আইসিজের এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ?

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করলে তাকে গণহত্যা বলা হয়। এ ধরনের অভিযোগ প্রমাণ করতে হয়।

এখন পর্যন্ত কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে রায় দেননি আইসিজে।

১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়েছিল। ২০০৭ সালে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আইসিজে রায়ে বলা হয়েছিল, গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে সার্বিয়া। তবে সার্বিয়া নিজে গণহত্যা চালিয়েছে, এমন সিদ্ধান্ত দেননি আদালত।

মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার রায় ভবিষ্যতের অন্য মামলাতেও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাও রয়েছে।