Advertisement

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি: বাসস

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

Advertisement

সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের লিখিত জবাবে শিল্পমন্ত্রী বলেন, “দেশের ৮৪টি বিসিক শিল্পনগরীতে ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এসব প্লটে বেসরকারি উদ্যোক্তারা মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপন করেছেন। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে।”

মন্ত্রী বলেন, “বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের আওতায় চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে উৎপাদনে ফিরেছে।”

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার প্রশ্নে ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও বন্ধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চান।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, “শিল্প মন্ত্রণালয় আওতাধীন বিসিক শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে। সেখানে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা স্থাপন করেন। তবে বিসিক শিল্পনগরীর বাইরে থাকা কারখানাগুলো তাদের আওতাভুক্ত নয়। ফলে শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।”

মন্ত্রী বলেন, “শ্যামপুর শিল্পাঞ্চলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি), তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটিই বন্ধ রয়েছে।”