ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ রাজধানীর দক্ষিণখান থানার হত্যা মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। এ জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয় তাকে। তবে আজ কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যের ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন বলেন, “বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আদালতে আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।”
তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, “আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পরা অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছেন।”
মামলার সূত্রে জানা যায়, দক্ষিণখানের দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের কিশোরী আলোকে। এ ঘটনায় পর দিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওইদিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।
গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক রয়েছেন কাউসার।