সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল সোমবার রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত জানান, ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে একটি ডিঙি নৌকায় হরিণের খণ্ডিত মাথা, প্রায় দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক আয়াতুল্লাহ গাজীর বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।