বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭৯ জন। এ সময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৭১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০০ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির হিসাবে বরিশালে ১৫ জন, পটুয়াখালীতে ২৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলায় ৮ জন, পিরোজপুরে ৫২ জন, বরগুনায় ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া চলতি বছরে সর্বমোট রোগীর সংখ্যা হিসেবে বরিশালে ১ হাজার ৫৭৩ জন, পটুয়াখালীতে ১ হাজার ৫৯৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬৫ জন, ভোলায় ৯৭৫ জন, পিরোজপুরে ৪ হাজার ৫২ জন, বরগুনায় ২ হাজার ১৮১ জন, ঝালকাঠিতে ২ হাজার ৫৬১ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬ জন।