যুক্তরাষ্ট্রের বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-র কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী অক্টোবর মাসেই এই বহুল প্রতীক্ষিত চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও ১৭টি সচল রয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে ১-২টি গ্রাউন্ডেড হতে পারে। সেই শূন্যতা পূরণ ও বহর বড় করতে এয়ারবাসের সঙ্গে চুক্তির পাশাপাশি বোয়িংয়ের সঙ্গে ইতোমধ্যেই ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে মোট ব্যয় হবে প্রায় ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০৩১ সালে প্রথম বোয়িংটি আসার কথা থাকলেও ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহ করতে বোয়িংকে অনুরোধ জানানো হয়েছে। পর্যায়ক্রমে ২০৩৫-৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে। তবে সম্পূর্ণ টাকা একবারে দিতে হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি উড়োজাহাজ বুঝে নেওয়ার পর কিস্তিতে টাকা দেওয়া হবে এবং তা বিমানের নিজস্ব আয় থেকে মেটানোর লক্ষ্য রয়েছে।
মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজ আসতে কয়েক বছর সময় লাগায় মধ্যবর্তী সময়ে বিমানের বহর সম্প্রসারণে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতার সাথে লিজ প্রক্রিয়া সম্পন্ন করতে অর্থ সচিবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে বলে ।