ads

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ‘হামলা ও দখলচেষ্টা’, আহত ৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ‘হামলা ও দখলচেষ্টা’, আহত ৫
ছবি: ইউএনবি

সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির আটকের পরদিন তার বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল শুক্রবার সাভারে এই ঘটনা ঘটে। আজ শনিবার এ ঘটনার ভুক্তভোগী শিরিন আক্তার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীদের দাবি, কথিত মাদক সম্রাট শামীম রেজার স্ত্রী সাথী আক্তারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ৫ নারী আহত হয়েছেন।

অভিযোগে সোহরাব, সাথী আক্তার, নিলুফা ইয়াসমিন, জেমস গোমেজ ওরফে গুপ্ত কাজল, শাকিব, রাকিব, মনিরসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করে। এতে রুমী আক্তার ও মিনারা বেগমসহ ৫ নারী আহত হন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, যে মামলার অভিযোগে মাহাবুব সামিরকে আটক করা হয়েছে, সেই মামলার বাদী সাথী আক্তারের নেতৃত্বেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত