Advertisement

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই: রণধীর জয়সওয়াল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই: রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

Advertisement

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই এসব বলেন রণধীর জয়সওয়াল। খবর ইন্ডিয়া টুডের।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমাদের অবস্থান আগের মতোই অটল রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করি। এটি এমন এক সম্পর্ক, যা দুই দেশের যৌথ ইতিহাস ও মানুষের অভিন্ন সাংস্কৃতিক মূলবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনার বিষয়ে আমার নতুন কোনো মন্তব্য নেই।”

Advertisement

গত বৃহস্পতিবার লালমনিরহাট জেলার এক জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “তারা (আওয়ামী লীগ) এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে গতকাল প্রতিক্রিয়া জানানো হলো।

ব্রিফিংয়ে গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, “গঙ্গা পানি চুক্তির বিষয়ে আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সমস্ত আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই একমাত্র প্রাতিষ্ঠানিক বা কাঠামোবদ্ধ ব্যবস্থা।” তিনি আরও বলেন, ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় এবং আন্তসীমান্ত নদীর পানিবণ্টনের আলোচনা সেই কাঠামোতেই পরিচালিত হবে।

এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইনিভাবেই বিষয়টির সমাধান হবে। এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।