Advertisement

ববিতে আওয়ামীপন্থী কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

ববিতে আওয়ামীপন্থী কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবির (বায়ে) ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ (ডানে)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামীপন্থী এক কর্মকর্তাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার ছাত্রদলের একিট পক্ষ ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নিলে তাতে অপর পক্ষের নেতারাবাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে ঘিরে এ ঘটনার সূত্রপাত। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব আব্দুল মালেকের ভাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তার দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানের একপর্যায়ে শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা হুমায়ুন কবিরকে দপ্তর থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

Advertisement

মিনহাজুল ইসলাম বলেন, “হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ছাত্রদলের একটি পক্ষ থেকে ফোন করা হয়েছিল। আজ বৃহস্পতিবার কয়েকবার তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে দেখা যায়।”

মিনহাজ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ করেছেন। এখনো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিনি। এসব অভিযোগ তার দপ্তরের চেয়ারে লিখতে গেলে আজমাইন সাকিব বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে নিচেও আবার হাতাহাতির ঘটনা ঘটে।

মিনহাজ বলেন, “একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?”

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, “গতকালের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি এমন অভিযোগ নিয়ে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। আর আমরা হুমায়ুন কবিরের দপ্তরে যাইনি। ওটা কালাম ভাইয়ের অফিস ছিল।”

তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।

ববি শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”