Advertisement Banner

নিজ আসনেও জয় পেলেন না মমতা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিজ আসনেও জয় পেলেন না মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ছবি: ফেসবুক

হেরে গেলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

ভবানীপুর আসনে মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। গণনা শেষে বিজয়ের হাসি হাসলেন শুভেন্দুই।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শুভেন্দু এবার ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসনে নির্বাচন করেন। দুটি আসনেই জিতে গেলেন এই বিজেপি নেতা। অন্যদিকে এবার একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা। হেরে যাওয়ায় এবার বিধানসভায় যাওয়া হচ্ছে না তার।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের দিকে অনেকগুলো কারণেই নজর ছিল সবার। কেন্দ্রে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবারের বিধানসভা নির্বাচনকে পাখিরো চোখ করেছিল। তৃণমূলও ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে মনোযোগ নিবদ্ধ করে জয় নিশ্চিত করতে চাইছিলেন হয়তো। কিন্তু শেষ রক্ষা হলো না। উল্টো বিধানসভায় যাওয়াটাই আটকে গেল। এটা তৃণমূলের জন্য অনেক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

আনন্দবাজার জানায়, ভবানীপুর আসনের ভোট গণনা হয় দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। বিকেলের পর গণনাকেন্দ্রে গিয়েছিলেন মমতা। গণনার একপর্যায়ে মমতার চেয়ে শুভেন্দু এগিয়ে যান। এরপর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী মমতা অভিযোগ করেন, এবারের নির্বাচনে ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি। জয় আমাদেরই হবে।’

নিজের কেন্দ্র ভবানীপুরের হাড্ডাহাড্ডি লড়াই প্রসঙ্গে তিনি দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান। মমতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আসন লুট করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। এই বক্তব্য দেওয়ার পরপরই তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন।

সম্পর্কিত