ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে মিথানল মেশানো ভেজাল মদ পান করে গত ২৪ ঘণ্টায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন ৪০ জন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গুজরাটের ভাবনগর এলাকায় হতাহতের ঘটনা ঘটে। অসুস্থদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের ‘ড্রাই স্টেট’ বা মদ নিষিদ্ধ রাজ্যগুলোর একটি গুজরাট। সেখানে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কারও কাছে মদ পাওয়া গেলে তাকে কঠোর আইনগত ও আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়, এমনকি কারাদণ্ডও হতে পারে।
তবে কিছু স্থানীয় বাসিন্দা নিজেদের ব্যবহারের জন্য ঝুঁকি নিয়ে ঘরে তৈরি মদ পান করেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে এর আগেও গুজরাটে প্রাণহানি ঘটেছে।