উড়োজাহাজের জ্বালানি ‘জেট এ-১’-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সেপ্টেম্বরে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ১১১২ মার্কিন ডলার বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ দশমিক ০৭৭০ ডলার।
আজ বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জ্বালানির এই নতুন দর ঘোষণা করে বিইআরসি। নির্দেশনায় বলা হয়, নতুন এই দাম ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্রকাশিত ‘প্ল্যাটস রেট’ -এর গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত ১৮২ টাকা ৭১ পয়সা দামের মধ্যে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের নির্ধারিত ১ দশমিক ১৮৮২ ডলার দামে কোনো শুল্ক ও মূসক অন্তর্ভুক্ত নয়।
টানা কয়েক মাস ধরে উর্ধ্বমুখী রয়েছে উড়োজাহাজের এই জ্বালানির দাম। আগস্টে এক দফায় বড় দরবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছিল। এর আগে আগস্টে লিটারপ্রতি দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা হয়েছিল।
অক্টোবরের নতুন এই দর কার্যকর হওয়ার মাধ্যমে গত মাত্র দুই মাসের ব্যবধানে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি মোট ৫১ টাকা ৭২ পয়সা বাড়ল।
বিইআরসি স্পষ্ট করেছে যে, কমিশনের আগের আদেশ ও অনুমোদিত মূল্য সমন্বয় পদ্ধতি অনুসরণ করেই আন্তর্জাতিক বাজারের দর ও ডলারের বিনিময় হার বিশ্লেষণ করে অক্টোবরের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।