Advertisement

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
ছবি: ইউএনবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে আজ সোমবার ভোরে অন্তত তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্টেশন অফিসের একটি কাঠের দরজায় আগুন ধরে যায়।

Advertisement

রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ হামলা চালায় বলে জানা গেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বারোবাজার রেলস্টেশনের স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন বলেন, হামলাকারীরা স্টেশন অফিসের দরজায় দুটি পেট্রলবোমা এবং মালামাল রাখার বাক্সে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

Advertisement

তিনি বলেন, এতে কাঠের দরজাটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই কক্ষের ভেতরে থাকা লোকজন দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারীরা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র নিরাপদে ছিল।

এ ঘটনায় ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা স্টেশন লক্ষ্য করে তিনটি বিস্ফোরক নিক্ষেপ করে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।