কক্সবাজারে এক মদের বারে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ রাশেদ (২৯) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের পিটুনির পর অভিযুক্ত যুবকও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান চরচাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। চমেকে মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ সোলায়মান (৩৫)। সোলায়মান কক্সবাজারের সিকদার পাড়ার আবুল কালামের ছেলে।
কক্সবাজার সদরের রেনেঁসা বারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এতে রাশেদ ঘটনাস্থলেই মারা যান। এরপর স্থানীয় লোকজন বার থেকে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সোলায়মানকে আটক করে কক্সবাজারের ফিশারি ঘাট এলাকায় নিয়ে গিয়ে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অহিদুর রহমান চরচাকে বলেন, ‘‘বারে সংঘর্ষের পর রাশেদ মারা যান। ওই সময় রাশেদের পরিচিত লোকজন সোলায়মানকে আটক করে ফিশারিঘাট এলাকায় নিয়ে গিয়ে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আজ সকালেই সোলায়মান মারা যান।’’
ঘটনার কারণ জানতে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।