রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, যাচাই-বাছাই শেষে আমি আপনাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।
এদিন বেলা ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের মনোনীত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২ টা থেকে ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।