ads

হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি জ্যাকব গ্রেপ্তার
ছবি: বাসস

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আশরাফুৎদৌলা আদালতে জ্যাকবকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের সমর্থকরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে মামলার বাদী মো. রিফাত হোসেনের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হওয়ায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল থেকে রিফাত হোসেন মিরপুর-১০ নম্বর মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। ওই দিন বেলা ২টার দিকে আসামিদের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে রিফাতের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে।

অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে লাথি, কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া ব্যাংক হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি অপসারণ করা হয়।

এদিকে, রাজধানীর ভাটারা থানার আরেকটি পৃথক হত্যাচেষ্টা মামলায়ও জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। তবে ওই আবেদনের বিষয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ জ্যাকবকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সম্পর্কিত