Advertisement

সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন: চসিক প্রশাসক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন: চসিক প্রশাসক
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় অতিথিরা। ছবি: সিজিএস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। বেগম খালেদা জিয়া তীব্র সমালোচনা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও তার পথচলা এবং আরও অসংখ্য নারীর সাফল্য প্রমাণ করে যে, সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। তবুও আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে- নাগরিকদের মধ্যে গভীর নাগরিক দায়িত্ববোধ তৈরি করা।”

Advertisement

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) জানিয়েছে, চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

Advertisement

চসিক প্রশাসক বলেন, “কার্যকর নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নেই, এবং আমাদের অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে নতুন প্রজন্মের তরুণ নেতারা এগিয়ে আসতে ও বিকশিত হতে পারেন। গণতন্ত্রের পথচলা কখনো থামানো উচিত নয় এবং জাতীয় ঐক্যই হতে হবে আমাদের সর্বোচ্চ আদর্শ। কারণ সব কিছুর ঊর্ধ্বে আমাদের একটিই গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশি।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সংলাপ ও কর্মশালার উদ্দেশ্য ছিল নারীদের রাজনীতিতে অংশগ্রহণে বাধা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ শামসুজ্জামান হেলালী; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকার কর্মী সুস্মিতা চাকমা; চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সভাপতি অশোক সাহা।

প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তাদের প্রশ্নে উঠে আসে দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত সংকট। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।