চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ের জন্য নিজের ২০ মাস বয়সী শিশুকন্যাকে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে।
পেশায় ট্রাক চালকের সহকারী লোকমান হোসেন সাগর (২৭) ও গৃহকর্মী সীমা আক্তার দম্পতি নগরীর পশ্চিম মাদারবাড়ি পানির টাংকি এলাকায় থাকেন। তাদের ফাতেমা নামে ২০ মাস বয়সী শিশু সন্তান রয়েছে।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ চরচাকে বলেন, “সাগর মাদকাসক্ত বলে তার স্ত্রীর অভিযোগ। শনিবার নেশা করার জন্য সাগর তার স্ত্রীর কাছ থেকে টাকা না পেয়ে শিশুটিকে বিক্রি করে দেবে হুমকি দিয়ে তাকে নিয়ে ঘর থেকে বের হয়। পরে শিশুটির মা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে অভিযান চালিয়ে রাতে পশ্চিম মাদারবাড়ি যুগি চাঁদ মসজিদ লেইন এলাকায় একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করি।”
ওসি আরও বলেন, বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটি সাগরের খালাত ভাইয়ের বাসা। শিশুটির বাবা খালাতো ভাইকে তার সন্তান বিক্রি করে দেয়ার কথা বলেন। সে পরে কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে নেয়। শিশুটিকে উদ্ধারের পর তার মায়ের কাছে দেয়া হয়েছে।
শিশুটির মা তার স্বামীর বিরুদ্ধে থানায় কোন অভিযোগ করবেন না বলেও জানান তিনি।