ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মোকাররম হোসেন চরচাকে বলেন, “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলায় আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।”
জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমিলা জামানকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
২০২৫ সালের ২৪ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান।
মামলার এজাহার থেকে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের কাগজ তৈরি করা হয়। এরপর গম, মটর, হলুদ ও ছোলা আমদানির নামে ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়।
ঋণ হিসেবে নেওয়া টাকা আরামিট গ্রুপের অপর কর্মচারীদের নামে সৃষ্ট আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে আলাদা চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। পরে নগদে তুলে নিয়ে ওই টাকা পাচার করা হয়।