অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
টিউলিপ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। অন্তর্বর্তী সরকারের আমলে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। পরে এসব অভিযোগের কারণে গত বছর তিনি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
গতবছর ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল দেন আদালত।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। গত বছর দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছিলেন। তার দাবি, শেখ হাসিনা ও ড. ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।
সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ এসব কথা বলেন তুলিপ।
টিউলিপ জানান, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে। তিনি আইনি পদক্ষেপের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলেও জানান।
টিউলিপ জানান, তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, তা জানতে চেয়ে চিঠি পাঠালেও বাংলাদেশ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। ড. ইউনূসের কাছেও তিনি চিঠি পাঠিয়েছিলেন, দেখাও করতে চেয়েছিলেন। কিন্তু ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি।
এ বিষয়ে মন্তব্য জানতে ড. ইউনূসের ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।