ইয়েমেনে সংঘাতের কারণে বাস্তুচ্যুত নারী ও শিশুরা মাতৃ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যৌন সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার সুযোগও কমে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত কয়েক মাসে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মূলত ইয়েমেনের পশ্চিম উপকূল এবং দক্ষিণাঞ্চলীয় তাইজ প্রদেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। এর ফলে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেছে এবং আগে থেকেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
হুতিরা শান্তি চুক্তিতে আগ্রহী নয়: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
এদিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে হুতি বিদ্রোহীরা আগ্রহী নয়।
ফ্রান্সের প্যারিসে ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকের পর অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ কথা বলেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা।
তিনি বলেন, “সমস্যা হলো, হুতিরা আগ্রহী নয় এবং তারা শান্তির জন্য প্রস্তুতও হবে না।”
ইরান নিজেদের স্বার্থ হাসিলের জন্য হুতিদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। তেহরানের বিষয়ে তিনি বলেন, “তারাই এই সমস্যার সৃষ্টি করছে।”
আল-জুবা বলেন, যেকোনো শান্তি সমঝোতার অংশ হিসেবে ইয়েমেন সরকারকে পুরো দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ দিতে হবে।
ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। জাহাজে থাকা আরও ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর আগে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে চলাচলকারী কিছু জাহাজে তারা হামলা চালিয়েছে। কয়েকটি জাহাজ মাইনেও আঘাত পেয়েছে বলে দাবি করেছে দেশটি।