রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এ হামলা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুরের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানান, গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন এ মামলার এজহারভুক্ত আসামি ছিলেন। তবে কখন বা কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য ডিবির পক্ষ থেকে জানানো হয়নি।
এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলা ও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন শাহরিয়ার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ঘটনার স্থান পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, যে জমিতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ অবস্থিত ছিল, তার মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড। মূলত ওই জমি এবং সংলগ্ন অন্যান্য জমির মালিকদের সাথে মালিকানা ও যাতায়াত সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজ জমিটিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াতে বাধা সৃষ্টি করছিল বলেও পুলিশ সূত্রে জানা যায়।
নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে নিজের ‘ব্রাউনফিশ স্টুডিও’ স্থাপন করেছিলেন সালমান মুক্তাদির। হামলাটি ঘটে গত শনিবার গভীর রাতে। সালমান মুক্তাদিরের দেওয়া তথ্য অনুযায়ী, দুটি ট্রাকে করে এসে একদল দুর্বৃত্ত স্টুডিওতে তাণ্ডব ও ভাঙচুর চালায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ এসে সালমান বলেন, “হামলায় পুরো স্টুডিও ধ্বংস হয়ে গেছে। হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো প্রপার্টিজের মালিক ছিলেন, যিনি সম্ভবত চাঁদা দিতে অস্বীকার করেছিলেন।”