চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া মৌসুমী হিজড়া (৫৫) হিজড়াদের চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীর একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশ জানায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম চরচাকে বলেন, ‘‘শহীদ মিনার কলোনীর একটি বাসায় ওই হিজড়া একাই থাকতেন। আজকে সকালে তার শিষ্যরা বাসায় গেলে বাইরে থেকে গেইট বন্ধ দেখতে পায়। পরে তারা ঘরে ঢুকে বিছানায় তাকে উপুড় অবস্থায় শোয়া দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।’’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘মৌসুমীর গলায় একটি কালো দাগ দেখা গেছে। পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’