Advertisement

খুলনায় নাশকতা চেষ্টার অভিযোগে আটক ২

খুলনায় নাশকতা চেষ্টার অভিযোগে আটক ২
নাশকতা চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনায় নাশকতা চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানার টেক্সটাইল মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটক দুজন হলেন কৌশিক ও ইয়াছিন। তারা দুজনই বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, সারা রাত দলের নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে নাশকতাকারীদের বিরুদ্ধে পাহারা দিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হন। এ সময় আটক দুজনের সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা চয়নও ছিলেন বলে দাবি করেন তিনি।

মনিরুজ্জামান মন্টু বলেন, তাদের সঙ্গে থাকা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা চয়নকে চিনতে পেরে ধাওয়া দেন। এ সময় তিনি পালিয়ে যান। তবে কৌশিক ও ইয়াছিন তাদের হাতে আটক হন। মনিরুজ্জামানের দাবি, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ওই যুবকেরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’’

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক দুজন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য তারা লবণচরা থানা এলাকার একটি পেট্রোলপাম্পে এসেছিলেন। সন্দেহ হওয়ায় বিএনপি নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

খুলনায় বিএনপির ব্যানারে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
খুলনায় বিএনপির ব্যানারে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন

এদিকে, নগরীর শিববাড়ি মোড়ে গোলচত্বরে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসে। তারা শিববাড়ি মোড় গোল চত্বরে থাকা বিএনপির ব্যানারে আগুন দেয়। পরে পুলিশ ধাওয়া দিলে তারা নিউ মার্কেট হয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।