রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। খবর ইউএনবির।ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শাহ আলী থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি থেকে লুট হওয়া চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, গত বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ২৫০ জনের একটি মুখোশধারী দল মিরপুর-১ এলাকায় ৫০ বছরের পুরোনো ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর চালায়। এ সময় তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, অফিসের নথিপত্র ও নগদ টাকা লুট করে পরে অবৈধভাবে প্রতিষ্ঠানটির জায়গা দখল করে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়েছে।