Advertisement

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে চার শতাংশ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৬ সালের জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে দেশটিতে বাংলাদেশের পোশাক আমদানি কমে দাঁড়িয়েছে ৬১৪ কোটি ডলারে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

Advertisement

ওটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি হয়েছে ৫ হাজার ৬৬৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। এ সময়ে আমদানির পরিমাণ বা ভলিউম কমেছে ৮ দশমিক ১০ শতাংশ। তবে গড় ইউনিট মূল্য বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ।

Advertisement

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ। তবে দেশটির সব দেশ মিলিয়ে মোট পোশাক আমদানি কমেছে আরও বেশি, ৬ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের পোশাক আমদানি কমার হার সামগ্রিক বাজারের তুলনায় কম। এ কারণে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ কিছুটা বেড়েছে।

গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ১০ দশমিক ৮৩ শতাংশ, যা চলতি বছরের জানুয়ারি–সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৯ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পোশাক আমদানি কমেছে ৫ দশমিক ৫৭ শতাংশ। এর আগে আগস্টে ১১ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী কয়েকটি দেশের পোশাক আমদানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ভিয়েতনাম থেকে আমদানি বেড়েছে দশমিক ২৬ শতাংশ, কম্বোডিয়া থেকে ৬ দশমিক ৪২ শতাংশ এবং ইন্দোনেশিয়া থেকে ২ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে চীন থেকে আমদানি কমেছে ২৩ দশমিক ৮ শতাংশ, ভারত থেকে ২৫ দশমিক ১৯ শতাংশ এবং পাকিস্তান থেকে ৩ দশমিক ৬৭ শতাংশ।

গড় ইউনিট মূল্যের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানে অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানিতে গড় ইউনিট মূল্য ২ দশমিক ১৪ শতাংশ বাড়লেও বাংলাদেশের ক্ষেত্রে কমেছে দশমিক ৯৫ শতাংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য বিশ্ব গড়ের তুলনায় প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কম। গত বছর এই ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি ছিল।