Advertisement

জাহাজ ভাঙা শিল্পের জন্য সীতাকুণ্ডে ঝুঁকি বাড়বে, সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাহাজ ভাঙা শিল্পের জন্য সীতাকুণ্ডে ঝুঁকি বাড়বে, সেমিনারে বক্তারা
ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজ।

পরিবেশগত নিয়ন্ত্রণ শিথিল হলে জাহাজ ভাঙা শিল্পের জন্য নির্দিষ্ট এলাকা সীতাকুণ্ডে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে এমন মত উঠে আসে।

Advertisement

‘জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা পরিবর্তনে পরিবেশগত ঝুঁকি’ শীর্ষক সেমিনারে গবেষক, শিক্ষক ও প্রকৌশলীরা পৃথক পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিল্পের শ্রেণির রং বদলালেই জাহাজের রাসায়নিক ও বিষাক্ত বর্জ্যের ঝুঁকি কমে না। সীতাকুণ্ড এলাকার মাটি-পানিতে বিষাক্ত ভারি ধাতুর উপস্থিতি এবং উপকূলীয় বন ধ্বংস ও জীববৈচিত্র্যের ক্ষতির তথ্য এ শিল্পের ঝুঁকি না কমার কথা বলছে।

গত সেপ্টেম্বর মাসের শেষে সরকার জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশগত ঝুঁকির সর্বোচ্চ ‘লাল’ শ্রেণি থেকে ‘কমলা’ শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

১০ দফা সুপারিশে এ শিল্পের শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে এর ব্যাপ্তি নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়। এছাড়া, ওই শিল্প এলাকায় সবুজ বেষ্টনী বাধ্যতামূলক করা, প্রতিটি জাহাজের বিপজ্জনক পদার্থের তালিকা যাচাই, শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাধীন তদারকি, দূষণের তথ্য প্রকাশ এবং বাসেল ও হংকং- দুই কনভেনশনের প্রাসঙ্গিক সুরক্ষা বাস্তবায়নের কথা বলা হয়।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সুপারনিউমারি প্রফেসর ড. মো. কামাল হোসাইন ‘উপকূলের রক্ষাকবচ সবুজ বেস্টনি ধ্বংসে জাহাজ ভাঙা শিল্পের ভূমিকা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফীকুল ইসলাম ‘জাহাজ ভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে পুর্নবিন্যাস: মৃত্তিকা, পানি ও উদ্ভিদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি’ শীর্ষক প্রবন্ধ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ইকবাল সরোয়ার ‘জাহাজ ভাঙা ও পরিবেশ বিপর্যয়: বর্তমান বাস্তবতা ও টেকসই উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া ‘চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প: উপকূলীয় জীববৈচিত্র্যের ওপর প্রভাব’ শীর্ষক প্রবন্ধ, সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলি দেলোয়ার মজুমদার ‘জাহাজ ভাঙা শিল্পে পরিবেশ, শ্রমিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে জানানো হয়, ১৯৮৯ সালে সীতাকুণ্ড উপকূলে জাহাজ ভাঙা শিল্পের আওতায় ছিল ৩৬৭ হেক্টর জমি। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৬০০ হেক্টরের বেশি। অর্থাৎ ৩৫ বছরে এ শিল্পের বিস্তার হয়েছে প্রায় ১৫ গুণ। এর সঙ্গে কমেছে উপকূলীয় বন ও কৃষিজমি, সংকুচিত হয়েছে প্রাকৃতিক আবাসস্থল।