বাংলাদেশ বিমান বয়কটের হুঁশিয়ারি সিলেটের প্রবাসীদের

বাংলাদেশ বিমান বয়কটের হুঁশিয়ারি সিলেটের প্রবাসীদের
ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বাংলাদেশ বিমান বয়কটের হুশিয়ারী দেওয়া হয়। ছবি: চরচা

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি থেকে বাংলাদেশ বিমান বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরাম।

ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন,রেমিট্যান্স স্ট্রাইকের মত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে বিমান কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন কর্মসূচির নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, আগামী পহেলা মার্চ থেকে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যা সিলেট ও নর্থ ইংল্যান্ডে বসবাসরত লক্ষাধিক প্রবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হবে।

বক্তাদের দাবি, সিলেট-ম্যানচেস্টার রুটটি অলাভজনক নয় বরং যাত্রীচাপে নিয়মিত পূর্ণ থাকে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই রুটে প্রায় ৩৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন যেখানে বিমানের আসন সংখ্যা ছিল ৪০ হাজার। তবুও লোকসানের অজুহাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করা হয়।

সম্পর্কিত