Advertisement

এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা। ছবি: এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি

বিপ্লবী এম.এন (মানবেন্দ্র নারায়ণ) লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিপ্লবী এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

স্মরণসভায় সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তাঁর রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয়। অথচ তার রাজনৈতিক দর্শন ও সংবিধানবিষয়ক চিন্তাভাবনা সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় অন্যান্য বক্তারা আরও বলেন, এম. এন. লারমা কেবল পার্বত্য চট্টগ্রামের কোনো আঞ্চলিক নেতা নন, তিনি বাংলাদেশের সামগ্রিক নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার এক মহানায়ক ও জাতীয় বীর। গণপরিষদে সংবিধান প্রণয়নের সময় তিনি বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি দেশের অন্যান্য জাতিসত্তার স্বতন্ত্র পরিচয়, সাংবিধানিক স্বীকৃতি এবং সমান অধিকারের দাবি জোরালোভাবে তুলে ধরেছিলেন।

Advertisement

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এখনো এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। সরকারগুলোর আন্তরিকতার অভাব এবং বিশেষ নিরাপত্তার অজুহাতে পার্বত্য চট্টগ্রামে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলের আদিবাসীদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলেন, বর্তমান রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় এম. এন. লারমার বহুত্ববাদী দর্শন, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজের আদর্শকে ধারণ করা জরুরি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশি কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অন্তর চাকমা প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এম. এন. লারমা এবং তার শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তার আট সহযোদ্ধাসহ নিহত হন।