মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির কাছাকাছি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফরের মালিকানাধীন বাসটি ভুঁইয়া পরিবহনের। এটি ঢাকার মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচল করত।
পুলিশ আরও জানায়, বাসটির মালিক অসুস্থ থাকায় তিন-চার দিন আগে সেটি ঢাকা থেকে এনে গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় রাখা হয়। চিকিৎসার জন্য তিনি শুক্রবার ঢাকায় যান।
সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।