চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু ও তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছোট কুমিরার রয়েল সিমেন্ট গেইটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আট বছর বয়সী রাকিব নামে এক শিশুর পরিচয় জানা গেছে। বাকিদের মধ্যে তিন নারী ও এক পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা সার্জেন্ট শামীম আলম চরচাকে বলেন, সড়কের ঢাকামুখী লেইনে একটি নেত্রকোনাগামী বাস নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। চালক ও সহকারীরা সেটি মেরামত করছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
শামীম আলম বলেন, এ সময় পেছন দিক থেকে একটি লরি বাসটিকে ধাক্কা দেয়। লরিটি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরও চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুসহ দুজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাস ও লরিটি জব্দ করেছে বলেও জানান তিনি।