সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। একই দিনে এটি গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তবে বেতন বৃদ্ধির পুরো অঙ্ক একবারে দেওয়া হবে না। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ম গ্রেড ও এর চেয়ে উপরের কর্মচারীদের বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ দেওয়া হবে। গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে তা যুক্ত হবে।
এছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
এদিকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কারণে ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মচারীদের। ফলে ১ জুলাই থেকে নতুন স্কেলে নির্ধারিত বেতন এবং প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত প্রাপ্য বকেয়া হিসাব করে পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭-এর মধ্যে কোনো কর্মচারী অবসর-উত্তর ছুটি শেষে অবসরে গেলে তার গ্রস ও নিট পেনশন জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। একই সঙ্গে নতুন স্কেলে বর্তমান বেতন থেকে নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেডের ‘করেসপন্ডিং স্কেল’ অনুসরণের বিধান রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পে-স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।