সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি।
আজ সোমবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে ডিপি ওয়ার্ল্ডকে কেবল অপারেটর বলা হলেও বাস্তবে এটি একটি বিশেষ সুবিধা সম্বলিত চুক্তি। ডিপি ওয়ার্ল্ড কী কী দায়িত্ব ও অধিকার পাচ্ছে, তা জনসমক্ষে উন্মুক্ত করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের বিপরীতে ডিপি ওয়ার্ল্ড মাত্র ৬০০ কোটি টাকা দেবে—কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হলো?’’
সংগঠনের সদস্য সচিব শাহাদাত ফরাজি সাকিব বলেন, ‘‘দেশীয় ব্যবস্থাপনায় এনসিটি থেকে বছরে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা মুনাফা আসে। অথচ চুক্তি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড ১০ বছরে মাত্র ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। সরকার মাত্র এক বছরের অর্জিত মুনাফা দিয়ে নিজ ব্যবস্থাপনায় কেন বন্দর পরিচালনার উদ্যোগ নিল না? তাছাড়া, এনসিটি থেকে অর্জিত মুনাফা জাতীয় রিজার্ভে জমা না হয়ে ডিপি ওয়ার্ল্ডের নিজস্ব অ্যাকাউন্টে জমা হবে, যা জাতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ সৃষ্টি করবে।’’
স্টুডেন্টস ফর সভরেন্টি সদস্য সচিব বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করলে দেখা যায়, স্পর্শকাতর বন্দরগুলো সম্পূর্ণ বিদেশি কোনো একক কোম্পানির হাতে দেওয়া হয় না। অধিকাংশ ক্ষেত্রে যৌথভাবে তা পরিচালনা করা হয়। উদাহরণস্বরূপ, ভিয়েতনামের একটি বন্দরে তাদের নিজেদের ৫১ শতাংশ এবং বিদেশি অপারেটরের ৪৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। কিন্তু বিডা -এর চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে, ডিপি ওয়ার্ল্ডকে শতভাগ কনসেশন চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের কাছে আমরা এর স্পষ্ট জবাব চাই।’’