জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন এই দম্পতি।
৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়ের আগে শ্রীনগরে ছোট পরিসরে একটি পারিবারিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লাহর বাবা-মা ফারুক আবদুল্লাহ ও মলি আবদুল্লাহ।
এছাড়া, তার তিন বোন এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন। নিধি রাজদানের বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে অংশ নেন।
গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট ওমর আবদুল্লাহর প্রথম স্ত্রী পায়েল আবদুল্লাহর সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। ওই সংসারে তাদের দুই ছেলে রয়েছে। পারস্পরিক সমঝোতায় পৌঁছে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন।