Advertisement Banner

পাম্পে পুলিশের জন্য আলাদা লাইনের দাবি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পাম্পে পুলিশের জন্য আলাদা লাইনের দাবি
জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। ছবি: চরচা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি দায়িত্ব পালনের সুবিধার্থে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ সদস্যদের জন্য আলাদা লাইনের সুবিধা চেয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক আবেদনে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে সারা দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেল সংগ্রহের জন্য পুলিশ সদস্যদের সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টার একটি বড় অংশ পাম্পে নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে দ্রুত সাড়া প্রদানসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সময়মতো করা যাচ্ছে না।

সংগঠনটি আরো জানায়, অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি, জনরোষ ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানারও সম্মুখীন হতে হচ্ছে বলেও জানিয়েছে অ্যাসোসিয়েশন।

তাই, জনস্বার্থে এবং জরুরি দায়িত্ব পালনের স্বার্থে দেশের সব সরকারি-বেসরকারি জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন ও বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইজিপির হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন।

সম্পর্কিত