Advertisement

স্মার্ট কৃষি ও কৃষি যন্ত্রপাতিতে বিশেষ ঋণ দেবে ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

স্মার্ট কৃষি ও কৃষি যন্ত্রপাতিতে বিশেষ ঋণ দেবে ব্যাংক
কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এখন থেকে ঋণ পাবেন কৃষকেরা। ফাইল ছবি

কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন ঋণ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাষাবাদ, কৃষি যন্ত্রপাতি কেনা, পরিবেশবান্ধব কৃষি এবং কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিশেষ অগ্রাধিকার দিয়ে ঋণ দিতে হবে ব্যাংকগুলোকে।

Advertisement

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ এ বিষয়ে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার সংশোধনী জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Advertisement

সংশোধিত নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট কৃষি ঋণের ৫৫ শতাংশ শস্য ও ফসল উৎপাদনে, ২০ শতাংশ প্রাণিসম্পদে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি কেনায় বিতরণ করতে হবে। বাকি ১০ শতাংশ কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং পল্লী অঞ্চলের অন্যান্য উৎপাদন ও সেবা খাতে দেওয়া যাবে। তবে ঋণখেলাপিরা এ ঋণ পাওয়ার যোগ্য হবেন না।

নতুন নীতিমালায় প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর কৃষি চাষাবাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইটের ছবি ও বিগ ডেটা ব্যবহার করে চাষাবাদে অর্থায়ন করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির প্রয়োজন অনুযায়ী বীজ, সার ও পানি ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের চাষ, ভাসমান কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তিচালিত সেচ পাম্প এবং কৃষি বনায়নে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত উদ্যোক্তারাও এ ঋণ সুবিধা পাবেন।

কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যন্ত্রের মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ পাওয়া যাবে। কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক এবং কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারীরা এ সুবিধা পাবেন।

বিভিন্ন কৃষি যন্ত্রের কার্যকাল তিন থেকে পাঁচ বছর বিবেচনায় নিয়ে ঋণের মেয়াদ ও কিস্তি নির্ধারিত হবে। ফসল রোপণ ও সংগ্রহের মৌসুমের সঙ্গে মিল রেখে কিস্তি পরিশোধের সময় নির্ধারণ করা যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড পাওয়া যাবে।

পরিবেশবান্ধব কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রকৃত কৃষক ও বর্গাচাষিদের কাছে সহজে ঋণ পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।