Advertisement

চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: বাসস

ইসকনের সংগঠক ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

আজ সোমবার সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি চট্টগ্রাম কারাগারেই বন্দী ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন চরচাকে বলেন, “চিন্ময় কৃষ্ণ দাসকে আজ কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। এটি সাধারণ প্রক্রিয়া।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে আট দফা দাবিতে আন্দোলন করে সনাতনী সম্প্রদায়, সে আন্দোলনের মুখপাত্র ছিলেন চিন্ময়। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় সে সময় আন্দোলনের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

Advertisement

সে বছরের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গ্রেপ্তার হন। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন নাকচ করার জেরে ওই দিন আদালত সংলগ্ন পাথরঘাটা বান্ডেল রোডে চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষও হয়। ওই সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় আইনজীবী আলিফের বাবার করা মামলায় চিন্ময়ের নাম না থাকলেও পুলিশের তদন্ত প্রতিবেদনে তাকে প্রধান আসামি করা হয়।

চিন্ময়ের বিরুদ্ধে এ পর্যন্ত আটটি মামলা বিচারাধীন।