প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের পর এই পরিবর্তন কার্যকর হয় বলে নির্বাচন কমিশন সচিবালয় রোববার (১২ অক্টোবর) জানিয়েছে।
ইসি’র এনআইডি ডাটাবেজ অনুযায়ী, প্রধান উপদেষ্টা এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। তবে এখন তাঁর ভোটার ঠিকানা স্থানান্তরিত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুলশান–২ এলাকায়, যেটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীনে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ড. ইউনূস এনআইডি বিভাগে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। ওই আবেদন পর্যালোচনা শেষে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি পরিবর্তনের অনুমোদন দেন। পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা সংশোধন সম্পন্ন হয়।