ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদ আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরী আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশে অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এছাড়া বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ বলেন, ঈদের দিন সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে আবারও বৃষ্টি হতে পারে।