ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অস্বাভাবিক মুনাফা পরিহার করে সহনীয় দামে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “ডিম সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এর দাম অস্বাভাবিকভাবে বাড়লে নিম্ন ও মধ্যবিত্তের ওপর সরাসরি চাপ পড়ে। ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা করবেন—এটি স্বাভাবিক, কিন্তু অযৌক্তিক মুনাফা বা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।”
উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত মূল্যের ব্যবধান পর্যালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, সরবরাহ ব্যবস্থার কোথায় অতিরিক্ত ব্যয় বা মুনাফা যুক্ত হচ্ছে, তা চিহ্নিত করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল রাখতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। সরকার যেমন ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে চায়, তেমনি জনগণের স্বার্থ রক্ষায় বাজার নজরদারিও অব্যাহত রাখবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
উক্ত সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, কাজী ফার্মস, ব্রিডার্স অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-সহ সংশ্লিষ্ট নানা সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।