রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে পুনরায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ধৃত ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে পুনরায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা কেনার কথা জানান।
এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে দায়ী করা হয়।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত ব্যক্তি আসলাম দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।