বিদ্যমান সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) সহায়তা দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে শিশু প্রতিপালনের চর্চা ও ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম উন্নত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের অভিজ্ঞতা দেখিয়েছে, কাঙ্ক্ষিত ফল পেতে বাস্তবায়নের মান, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা ও সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানিয়েছে, আজ সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে থ্রাইভ কর্মসূচির গবেষণার তথ্যপ্রমাণে পাওয়া এসব তথ্য তুলে ধরা হয়।
থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আইসিডিডিআর,বির এমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।
আগের গবেষণার তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস কর্মসূচির মাধ্যমে ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে ইসিডি কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এর আওতায় ১৫ হাজারের বেশি শিশুর কাছে শিশু বিকাশ সেবা পৌঁছানো হয়েছে এবং প্রায় এক হাজার ৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও ৪০০ জনের বেশি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক একটি ক্লাস্টার- কন্ট্রোল্ড ট্রায়ালে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোর শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম এবং খেলার ও শেখার উপকরণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শিশু বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। এই ফলাফল বৃহত্তর পরিসরে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আনে। শুধু বেশি মানুষের কাছে পৌঁছানো যথেষ্ট নয়, ধারাবাহিক বাস্তবায়ন, তদারকি এবং প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করতে হবে।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ বলেন, “জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে শিশুর পুষ্টি ও বিকাশ দুই দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আলোচনায় আগামী ধাপের জন্য কয়েকটি অগ্রাধিকার উঠে আসে। এর মধ্যে রয়েছে শক্তিশালী তদারকি ও পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের পর্যাপ্ত সক্ষমতা, অভিভাবক ও শিশুর পরিচর্যায় যুক্ত ব্যক্তিদের ধারাবাহিক সম্পৃক্ততা, টেকসই অর্থায়ন এবং সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণ।