রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ শনিবার তাদের আটক করা হয়।
ডিএমপি জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে তারা গোপন বৈঠক করছিল। তবে পুলিশের কাছ থেকে এই অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল বলে জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন চরচাকে বলেন, “আমাদের প্রতিনিধি সভা চলছিল। সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়।’’
জাসদের বৈঠকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। আওয়ামী লীগ থাকবে কেন? প্রায় সাড়ে তিন শ মানুষ ছিল আমাদের। সবাইকে অ্যারেস্ট করছে।”