Advertisement

রাজধানীতে আজও ঝরছে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রাজধানীতে আজও ঝরছে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে
সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। ছবি: চরচা

গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ শুক্রবার সকালেও থেমে থেমে নগরীতে বৃষ্টি ঝরছে। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমতে পারে।

Advertisement

সকালে রাজধানীর মিরপুর, আসাদগেট, মতিঝিল, মোহাম্মদপুর, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নেই।

Advertisement

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মাদারীপুরে।

এদিকে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। আজ শুক্রবার অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার এবং পায়রা থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এটি ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা আছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রোববার সব বিভাগের দু-একটি স্থানে বৃষ্টির আভাস রয়েছে এবং এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপরের পাঁচ দিনের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কমতে পারে।