ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কসোভোকে সম্ভাব্য প্রবেশদ্বার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছে দেশটি। দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন কসোভোর রাষ্ট্রদূত।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কসোভোর রাষ্ট্রদূত বলেন, “দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারেন।”
এ সময় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ বিনিয়োগের বিষয়টিও উঠে আসে। কৃষি ও সেবা খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
বৈঠকে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “কসোভোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।”
এ ছাড়া দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দুই পক্ষ। বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও একমত হয় বাংলাদেশ ও কসোভো।