Advertisement

বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার
বাংলা কিউআরে লেনদেনে একুয়ারিং ও ইস্যুয়িং উভয় প্রতিষ্ঠানই পাবে সরকারি প্রণোদনা। ছবি: বাসস

এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্পন্ন হলে ব্যাংক ও আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে নগদ প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নতুন সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ছোট বিক্রেতা থেকে শুরু করে ট্রেড লাইসেন্সধারী যেকোনো মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে প্রতি মাসের শেষে প্রণোদনার অর্থ প্রদান করা হবে। এতে মার্চেন্টের যুক্ত থাকা ‘একুয়ারিং প্রতিষ্ঠান’ পাবে ০.১০ শতাংশ এবং গ্রাহকের অ্যাপ বা অ্যাকাউন্টের যুক্ত থাকা ‘ইস্যুয়িং প্রতিষ্ঠান’ পাবে ০.২০ শতাংশ হারে প্রণোদনা।

উদাহরণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি পরিষ্কার করেছে— কোনো গ্রাহক যদি ১,০০০ টাকার কেনাকাটা করে বিক্রেতার বাংলা কিউআরে পরিশোধ করেন, তবে সেই কিউআর সরবরাহকারী ব্যাংক (একুয়ারিং প্রতিষ্ঠান) পাবে ১ টাকা এবং গ্রাহকের ব্যবহৃত অ্যাপ বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান (ইস্যুয়িং প্রতিষ্ঠান) পাবে ২ টাকা।

Advertisement

বর্তমানে দেশে ‌‌‌‌‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় একক ‘বাংলা কিউআর’ বাস্তবায়িত হচ্ছে, যার মাধ্যমে যেকোনো ব্যাংক, কার্ড কিংবা বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ থেকে একটি মাত্র কিউআর ব্যবহার করেই লেনদেন করা যায়। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই নগদ প্রণোদনার ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছোট ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে আরও বেশি উৎসাহিত করবে, যা দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।