ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি আগামীকাল শুক্রবার থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে।
আজ বৃহস্পতিবার নতুন ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
ট্রেন দুটি যাত্রাপথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা ও পাবনার মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।